আদমদীঘিতে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে শিশু ডায়রিয়া
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বিগত ১৫ দিনে শীতের প্রকোপে বগুড়ার আদমদীঘি উপজেলার গ্রাম গুলোতে শিশু সহ বিভিন্ন বয়সের মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। প্রতিদিন গড়ে প্রায় ১০ জন করে রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হচ্ছে। হাসপাতালের জরুরী বিভাগ সূত্রে জানা গেছে, বিগত ১৫ দিনে প্রায় দেড় শতাধিক ডায়রিয়ায় আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে শিশুদের সংখ্যাই বেশি। জরুরী বিভাগে কর্তব্যরত ডাক্তার জানিয়েছেন, বিশেষ করে লোটা ভাইরাসের মাধ্যমে আদমদীঘির বিভিন্ন এলাকায় ব্যাপক আকারে ডায়রিয়া ছড়িয়ে পড়ছে। ডায়রিয়ার লক্ষণ হলো পানির মতো পাতলা পায়খানা, সাথে বমি ও জ্বর থাকছে। ডাক্তারের পরামর্শ হলো ডায়রিয়া আক্রান্ত হলে ভয় পাবার কিছু নেই, সাথে সাথে খাবার স্যালাইন খাওয়াতে হবে এবং দ্রুত হাসপাতালে নিয়ে আসতে হবে রোগীকে।
জানা গেছে, আদমদীঘির কালাইকুড়ি, বামনীগ্রাম, সাঁওইল, মুরইল, চকসোনার সহ বিভিন্ন গ্রামে এ রোগ ছড়িয়ে পড়েছে। হাসপাতালে ভর্তি থাকলেও এ রোগ ভালো হতে সময় লাগছে ৩ থেকে ৭ দিন। তাই রোগীরা বেড না পেয়ে মেঝেতে অবস্থান করছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানিয়েছেন, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং পচা বাসি খাবার বর্জন করলে এ রোগে আক্রান্ত হবার সম্ভাবনা কম থাকে।
from BDJAHAN http://bit.ly/2G78S3s
via IFTTT