সিলেটে নিজ দলের ক্যাডারদের হাতে ছাত্রলীগকর্মী খুন
সিলেট প্রতিনিধি : নগরীর টিলাগড়ে নিজ দলের ক্যাডারদের ছুরিকাঘাতে ছাত্রলীগের এক কর্মী খুন হয়েছে। নিহত অভিষেক দে দ্বীপ গ্রীণহিল কলেজের ছাত্র এবং নগরীর শিবগঞ্জ সাদীপুর এলাকার দীপদ দে’র ছেলে। সে আওয়ামী লীগ নেতা রণজিৎ সরকার গ্রæপের অনুসারী বলে জানা গেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় টিলাগড়ের এমসি কলেজ শিশু স্কুলের সামনে এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন শুভ নামের আরেক এক ছাত্রলীগকর্মী। তাকে আশঙ্কাজনক অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সৈকত নামের এক ছাত্রলীগ ক্যাডারকে আটক করেছে পুলিশ।
সূত্র জানায়, কয়েকদিন আগে পূজা কমিটি নিয়ে সৈকতের সঙ্গে অভিষেকের বিরোধ সৃষ্টি হয়। পরে বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসা করে দেওয়া হয়। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে ছাত্রলীগ কর্মী সৈকত রায় সমুদ্রের নেতৃত্বে একদল যুবক দ্বীপের উপর হামলা চালায়। এসময় দ্বীপকে ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে যায় তারা। আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দ্বীপকে মৃত ঘোষণা করেন।
সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ওমর ফারুক অভিষেক দ্বীপের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।